লা লিগায় নতুন মৌসুম জয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ঘরের মাঠে কাইলিয়ান এমবাপের স্পটকিকে আসা একমাত্র গোলে হারিয়ে মৌসুমযাত্রা। ম্যাচ শেষে এমবাপে বলেছেন, ‘জাভি আলোনসো চেয়েছিলেন আমরা যেন বেশি সময় বল দখলে রাখি। সাথে নিজেদের দিক পরিবর্তন করে খেলা চালিয়ে নেয়া।’
এমবাপে বলেছেন, ‘ঘরের মাঠে জয় নিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। জানি এতটা সহজ ছিল না। প্রথমার্ধে তারা সুযোগ দেয়নি আমাদের তেমন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পাই। দ্বিতীয় গোলের জন্য চেষ্টা করেও পাইনি। জয়ের পর খুশি, এমন জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
‘বিপরীত দলের বল দখলে নেয়ার ব্যাপারে সতর্কবার্তা দিতেই কোচ বলেছিলেন, বেশি সময় বল ধরে রাখার জন্য। আমরা ছুটি থেকে সবে ফিরেছি, আমরা আরও উন্নতি করতে পারবো। যদি দলকে দেয়ার মতো ভালো স্পৃহা থাকে, তাহলে সামনে ম্যাচ জয় সহজ হবে।’
চলতি গ্রীষ্মে রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন এমবাপে। গত মৌসুমে পরেছিলেন ৯, সেটি পেয়েছেন স্পেনিয়ার্ড গঞ্জালো গার্সিয়া।
জয় আনা একমাত্র গোলটি নিয়ে এমবাপে এপর্যন্ত দুই মৌসুম মিলিয়ে টানা ১৭ ম্যাচে গোল পেয়েছেন। এদিন লা লিগায় অভিষেক হয়েছে স্পেনিয়ার্ড কোচ জাভির।









