কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা, যা এ বছর ২.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন। কৃষি ঋণ যেন প্রকৃত কৃষক পায় তা নিশ্চিত করার কথা বলেন তিনি। প্রশ্নোত্তরে গভর্নর বলেন, কৃষি খাতে কার্যকরভাবে ইন্স্যুরেন্স চালুর বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে কৃষকদের হয়রানিমুক্ত ঋণ দেয়ার নির্দেশনা দেন গভর্নর।
তিনি বলেন, সরকারের ভুল আমদানির নীতির ফলে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনভাবেই করা যাবে না।
গভর্নর আরও বলেন, বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়।
কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মন্তব্য করেন গর্ভনর।
এ সময় সব ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালকসহ তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।









