যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি ডাও জোন্স এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে ট্রাম্প ২০০৩ সালে যৌন অপরাধে অভিযুক্ত ও বিতর্কিত অর্থদাতা জেফ্রি এপস্টাইনের জন্মদিনে “অশ্লীল” শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
যদিও ট্রাম্প দাবি করেছেন, এ ধরনের কোনো বার্তা তিনি লেখেননি এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, এগুলো আমার কথা নয়, আমি এভাবে কথা বলি না। আমি ছবি আঁকি না।
তিনি আরও বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল একটি অকেজো র্যাগে পরিণত হয়েছে। তাদের মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপূর্ণ প্রতিবেদন প্রকাশের জন্য আমরা শক্তিশালী একটি মামলা দায়ের করেছি। আশা করি রুপার্ট ও তার বন্ধুরা আদালতে সাক্ষ্য দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
ট্রাম্পের আইনজীবীরা দাবি করছেন, পত্রিকাটি জেনেশুনেই বিভ্রান্তিকর প্রতিবেদন ছেপেছে, এবং প্রকাশনার আগেই এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল।
ডাও জোন্সের একজন মুখপাত্র বলেছেন, আমাদের প্রতিবেদনের নির্ভুলতা ও সাংবাদিকতার মান নিয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা যেকোনো আইনি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করব।









