দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তার রচনা ও পরিচালনায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। আগামী ২৮ জুন থেকে প্রতি শনিবার থেকে বুধবার, রাত ৭টা ৫০ মিনিটে, নাটকটি প্রচারিত হবে চ্যানেল আই-এ।
১০০ পর্বের এই ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতার ভাষ্য, “এটি কোনো প্রেমের গল্প নয়, বরং দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতা ও ক্ষতবিক্ষত জনপদের এক বেদনাবিধুর, তবু জীবন্ত কাহিনি।”
নাটকে রয়েছে বুকে বৃষ্টির মতো ঝরেপড়া কষ্ট, চোখের ভেতর সব হারানোর যন্ত্রণা, প্রেমে ডুবে থাকার মুগ্ধতা, আবার সেই প্রেমে পুড়ে ছাই হয়ে যাওয়ার দীর্ঘশ্বাস।
নাটকটে অভিনয় করেছেন মামুনুর রশীদ নিজেও। তিনি বলেন, ‘চরণ ছুঁয়ে যাই’ মূলত একটি স্কুলের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করেই নাটকের গল্প। এতে আমি স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করেছি।
সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত ‘চরণ ছুঁয়ে যাই’ নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী। তাদের মধ্যে মামুনুর রশীদ ছাড়াও রয়েছেন —আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ ও সুষমা সরকার প্রমুখ।









