যুক্তরাজ্যে বাংলাদেশী মালিকানাধীন ইংরেজি দৈনিক ‘ডেইলি ড্যাজলিং ডন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
শুক্রবার (২৯ মে) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট কমিউনিকেশনস ইউনিট এর প্রধানের পাঠানো বার্তায় পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীকে এবং পত্রিকার অব্যাহত সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।
উল্লেখ্য, মাত্র দুই বছরে ডেইলি ড্যাজলিং ডন ইউরোপসহ ব্রিটেনজুড়ে মূলধারার গণমাধ্যম হিসেবে নিজস্ব স্বকীয়তায় একটি অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
ড্যাজলিং ডন পত্রিকার প্রকাশক মুনজের চৌধুরী বলেন, তার মূল লক্ষ্য ছিল- এ বিশাল জনগোষ্ঠীর একটিও পুর্ণাঙ্গ ইংরেজি সংবাদপত্র না থাকার শূন্যতা পূরণ করা। এছাড়া বাংলাদেশী ও বাংলাভাষী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি সংকট ও সম্ভাবনা ব্রিটেনের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেয়া।
মুনজের বলেন, যাত্রা শুরুর দুই বছর পর খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাজলিং ডন-কে অভিনন্দন জানাবেন, সেটি ছিল আমাদের ভাবনারও বাইরে। সহকর্মী, পাঠক ও বিজ্ঞাপনদাতাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান তিনি।।









