ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। সিরিজটি কোথায় গড়াবে কিংবা নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনিশ্চিত হলেও চলতি মাসে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে পিসিবি সাথে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।
বিবৃতিতে বিসিবি বলেছে, জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিসিবির সাথে বিসিবির আলোচনা জোরালোভাবে চলছে। বিসিবি আবারও বলতে চায়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফর সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে, যাতে সেই সিদ্ধান্ত দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।’
আরব আমিরাত সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হবে জানিয়ে বিসিবি বলেছে, ‘আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং প্রস্তুতির প্রতি তাদের অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে, বাংলাদেশ জাতীয় দল নির্ধারিত সূচিতে আরব আমিরাত সফরে যাবে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজটি আগামী সপ্তাহে শুরুর কথা রয়েছে।
আরব আমিরাত সফরে দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ গড়াাবে ১৭ মে এবং দ্বিতীয় ম্যাচ ১৯ মে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় গড়াবে ।









