তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বিপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা বলেছিলেন তিনি। যদিও ওয়ানডে ও টেস্টে তিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন। তবে টি-টুয়েন্টিতে আর অধিনায়ক থাকছেন না শান্ত। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে নতুন দায়িত্বে লিটনের পথ চলা শুরু হবে। এরপর পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে খেলবে বাংলাদেশ।
সিরিজ দুটি সামনে রেখে রোববার দল ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করেন।
গত বছর ডিসেম্বরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার নেতৃত্বে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেটি নিয়ে গত কিছুদিন আলোচনা ছিল। লিটনের সঙ্গে আলোচনায় ছিলেন তাসকিন আহমেদও। তবে টাইগার এই পেসার গোড়ালির ইনজুরিতে ভুগছেন। কবে মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই পূর্ণ মেয়াদে নেতৃত্বে ফিরলেন লিটন।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি। লিটনকে অধিনায়কের দায়িত্ব দেয়ে প্রসঙ্গে ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টুয়েন্টির অধিনায়ক করা হয়েছে।’









