দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন ৬৫ বছর বয়সী খ্যাতনামা হলিউড অভিনেতা ভাল কিলমার। জানা গেছে, দীর্ঘ দিন ধরে তার কণ্ঠনালিতে ক্যানসার বাসা বেঁধেছিল। সঙ্গে ছিল নিউমোনিয়া।
সদ্যপ্রয়াত অভিনেতার কন্যা মার্সিডিজ কিলমার হলিউডভিত্তিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।
১৯৫৯ সালে লস এঞ্জেলসে জন্ম অভিনেতার। মাত্র ১৫ বছর বয়সে অভিনেতা তার ভাই ওয়েসলেকে হারান। পরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বেঁচে থাকলে তার ভাই প্রথম সারির পরিচালক হতে পারতেন।
১৯৬৮ সালে ভাল ‘আইসম্যান’ ছবির মাধ্যমে প্রথম প্রচারের আলোয় আসেন। এই ছবিতে তিনি নৌ বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৮৬ সালে টম ক্রুসের সঙ্গে পর্দা ভাগ করেন ‘টপ গান’ ছবিতে। এর পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে তার ঝুলিতে জড়ো হয়েছে ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরেউ’, ‘দ্য সেন্ট’-এর মতো ছবি। এছাড়াও ভাল কিলমারের বিখ্যাত ছবিগুলির মধ্যে ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘দ্য ডোরস’ সাড়া ফেলে দিয়েছিল হলিউডে।
২০২১-এর জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত খ্যাতনামীকে।









