রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলেন- মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।
শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা প্রত্যেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য যা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এ মামলা ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।









