ফরিদপুরের কানাইপুরে একজন যুবককে তুলে নিয়ে পিটিয়ে ও দুই চোখ তুলে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি কাঠমিস্ত্রির সহকারীর কাজ করতেন।
গতকাল ১০ জানুয়ারি শুক্রবার মধ্যরাতে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওবায়দুর খান নামের নিহত যুবক কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে।
নিহতের ভাই রাজিব খান জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে একটি তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে গেলে স্থানীয় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়।
তার দুই চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাম পা ভেঙে ফেলা হয় এবং মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যা বলে জানিয়েছে তার পরিবার।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানিয়েছেন, শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।









