লম্বা সময় পর মাঠে ফিরছেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টুয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার মিরপুরে ফিটনেস টেস্টে পাশ করেছেন অন্যতম সেরা ওপেনার।
ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলও এবার অনুষ্ঠিত হতে চলেছে টি-২০তে। সিলেটে টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর ফাইনাল মিরপুরে।
তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন। এমনটা জানিয়ে বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেছিলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টুয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টুয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’
হান্নান সরকার আরও বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’









