নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী । গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে চারজন সদর উপজেলার তুলারামপুর প্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরি ঘটনা ঘটেছে। অনেক কৃষক গোহালের সক কয়টি গরু চুরি করে নেয়ার ঘটনাও ঘটেছে এত অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছে।
এই ঘটনায় ওসি মো. সাজেদুল ইসলাম আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।









