ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম। সেখানে বক্তব্য দেন সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম, শিক্ষার্থী আরিফ মঈনুদ্দিন, জগলু আহমেদ, তরুণ নির্মাতা সাইদ খান প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি দেশে আইনের শাসন বাস্তবায়িত হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখছি ধর্মীয় দাঙ্গা, নারী নির্যাতন, পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব ঘটনার দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না এবং মানুষ এখন ভয়ে থাকছে। এসব নিয়ে আওয়াজ না তুললে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে৷
তারা বলেন, সকল নাগরিককে মব আক্রমণ নিয়ে কথা বলতে হবে। তা না হলে এক দিন এই হামলা আমাদের ওপরও করা হবে। মব জাস্টিস বলতে কিছু নেই। জনতার আদালত বলে কোনো কথা নেই। আমাদের আইনের আদালত আছে। কেউ অপরাধী হলে সেখানে তার বিচার হবে নিয়মতান্ত্রিক উপায়ে। এ সমস্ত মব অ্যাটাকে জড়িতদের কোনো প্ল্যাটফর্ম আশ্রয় দিলে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নেব।
ঢাবিতে গণপিটুনিতে মৃত তোফাজ্জেল হোসেনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সে আমাদের ভাই। তোফাজ্জল দেশের নাগরিক। তাকে মেরে ফেলার অধিকার কারো নেই। তার জন্য আমাদের বিচার চেয়ে দাঁড়াতে হবে। আবরার ফাহাদের সাথে তোফাজ্জল আর শামীম মোল্লা হত্যার ঘটনায় জড়িতদেরও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।









