বিকাশ-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) কালেকশন সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এই সেবার আওতায় বিকাশ-এর নির্ধারিত ড্রপ পয়েন্টে ক্যাশ জমার বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) নিতে পারবে এসএমসি, যা প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনাকে করবে ক্যাশবিহীন, স্বচ্ছ ও নিরাপদ।
সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সায়েফ উদ্দিন নাসির, ডিএমডি (অপারেশনস) ফিরোজ উল আলম, ডিএমডি (কমার্শিয়াল) কাজী আমীরুল হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবুল বশীর খান, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাসরুর চৌধুরী, জেনারেল ম্যানেজার সোমেল রেজা খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই ‘বিটুবি সল্যুশন’ ব্যবহার করছে। এই সেবাটি দেশের বৃহৎ সরবরাহ ব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করে সার্বিক ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়িয়েছে। পাশাপাশি, দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকেও সুদৃঢ় করছে।









