আগামী অক্টোবরে বাংলাদেশে সফর করার কথা রয়েছে সাউথ আফ্রিকার। সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার কথা দুদলের। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে আসার কথা ভাবছে প্রোটিয়া বাহিনী। চলতি সপ্তাহের শেষ দিকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী অক্টোবরে গড়াতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সরে গেছে আরব আমিরাতে। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত করা হয়েছে। সেই কারণে ক্রিকেটারদের নিরাপত্তার নিয়ে ভাবছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
দেশটির ক্রিকেট বোর্ড সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সাথে পরামর্শ করে বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করেছে সিএসএ। সংস্থাটির কাছে তথ্য রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি স্থির, নিরাপত্তা শঙ্কা নেই, বাংলাদেশে আসতেও আগ্রহী তারা। তবে সফরের বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে সাউথ আফ্রিকা। ক্রিকেটাররা বাংলাদেশে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলে সিরিজ খেলতে আসবে প্রোটিয়া দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলমান চক্রে আর ছয়টি টেস্ট বাকি আছে। ইতোমধ্যে ৬ ম্যাচ খেলে দুটি জয় ও একটিতে ড্র করেছে তারা। টেবিলের সপ্তম স্থানে অবস্থান তাদের। আগামী বছর লর্ডসে ফাইনাল খেলতে হলে অন্তত আরও ৫টি টেস্টে জিততে হবে তাদের।
সাউথ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসলেও মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজির আসার সম্ভাবনা নেই। নভেম্বরের আগে মাঠে ফিরছেন না দুই ফাস্ট বোলার। চলতি মাসে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়া বাহিনী।









