চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মাঠে আতিথ্য নিতে যাচ্ছে বার্সেলোনা। পার্ক ডে প্রিন্সেসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে দুইটায় মাঠে গড়াবে দুই জায়ান্টের লড়াইটি।
এই ম্যাচের আগে পিএসজিকে আত্মবিশ্বাস যোগাচ্ছে একটি ভালো খবর, আবার শঙ্কা জাগাচ্ছে সেটির উল্টো খবরটি। ভালো খবরটি- ফ্রেঞ্চ সেরারা চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারবারই কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবারও নিশ্চয় সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। তাতে স্মৃতির পালে হাওয়া যোগাতে পারে ২০১৪-১৫ মৌসুমে ঘরের মাঠে বার্সাকে ৩-২ গোলে হারানোর পরিসংখ্যান।
কিন্তু শঙ্কার কারণটি তাদের প্রতিপক্ষের নাম। দলটি যে বার্সেলোনা। ২০১৩ ও ২০১৫ সালে এই বার্সেলোনার কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পিএসজি। এবার কি সেই জুজু কাটাতে পারবে দলটি? সেজন্য ঘরের মাঠে দারুণ কিছু করে রাখতে হবে পিএসজিকে। কেননা ফিরতি পর্বে বার্সার মাঠে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করবে তাদের জন্য।
এই পরিসংখ্যানই আবার আত্মবিশ্বাস যোগাবে মেসি-নেইমারদের। এমনিতেই দুদলের ৯ বারের মুখোমুখি লড়াইয়ে ৪ জয়ের পিঠে ৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সের গ্রাফটাও দুর্দান্ত। যেকোনো প্রতিপক্ষের জন্য যেটি ভীতিজাগানিয়াই।
সবার আগে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষা করাই যায়। যাতে লড়াইয়ের মাঝে খণ্ড লড়াইও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলের তালিকায় আছেন দুই দলের দুজন। বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি অবশ্য এই মৌসুমে ১০ গোল করে অনেকটা এগিয়ে আছেন। আর দুইয়ে থাকা পিএসজির এডিনসন কাভানির গোল সংখ্যা ৬। মঙ্গলবার রাতে দুজনে সংখ্যাটা নিশ্চয় আরো এগিয়ে নিতে চাইবেন।









