ফ্রান্স ফুটবল দল সম্পর্কে আর্জেন্টিনা খেলোয়াড়দের ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক’ গান নিয়ে চলছে তোলপাড়। এ ঘটনায় আইনি অভিযোগ দায়ের করতে চলেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা গান গাইছে।
গানের কথাগুলো ছিল এমন- ‘তারা ফ্রান্সের হয়ে খেলে, কিন্তু তাদের বাবা-মা অ্যাঙ্গোলা থেকে এসেছে। তাদের মা ক্যামেরুন থেকে, তাদের বাবা নাইজেরিয়া থেকে এসেছে। কিন্তু তাদের পাসপোর্টে ফরাসি লেখা আছে।’
এনজো ফের্নান্দেজের চেলসি সতীর্থ এবং ফ্রান্স দলের ফুটবলার ওয়েসলি ফোফানা মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এতে তিনি মন্তব্য জুড়ে দিয়ে লিখেছেন, ‘২০২৪ সালে ফুটবল: নিরবচ্ছিন্ন বর্ণবাদ।’
দুই বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেকিছু আর্জেন্টাইন সমর্থকরা এই আপত্তিকর কথাগুলো বলেছিল।
ফরাসি ফুটবল ফেডারেশন মঙ্গলবার বিবৃতিতে বলেছে, ‘খেলাধুলা ও মানবাধিকারের মূল্যবোধের পরিপন্থী এমন জঘন্য মন্তব্যের পরিপ্রেক্ষিতে, এফএফএফ সভাপতি বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের জন্য আইনি অভিযোগ দায়ের করতে সরাসরি আর্জেন্টিনা এবং ফিফার সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছেন।’
‘ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো, আর্জেন্টিনা দলের খেলোয়াড় এবং সমর্থকদের গাওয়া একটি গানে ফ্রান্স দলের খেলোয়াড়দের বিরুদ্ধে করা অগ্রহণযোগ্য বর্ণবাদী এবং বৈষম্যমূলক কথা নিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবলের ২১১ দেশের ফেডারেশনের অবশ্যই বর্ণবাদের প্রতি শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। ঘটনাগুলো পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্স পুনরায় চালু করতে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ।’
ইনস্টাগ্রামে পরে অবশ্য আপত্তিকর গানের ভিডিও দেয়ার জন্য আর্জেন্টাইন মিডফিল্ডার ক্ষমা চেয়েছেন। পোস্টে লিখেছেন, ‘আমি জাতীয় দলের উদযাপনের সময় আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে চাই। গানটিতে অত্যন্ত আপত্তিকর ভাষা রয়েছে এবং এই শব্দগুলোর জন্য কোনো অজুহাত নেই।’
‘আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমাদের কোপা আমেরিকা উদযাপনের উচ্ছ্বাসে জড়িয়ে পড়ার জন্য ক্ষমাপ্রার্থী। সেই ভিডিও, মুহূর্ত, কথাগুলো আমার বিশ্বাস বা চরিত্রকে প্রতিফলিত করে না। আমি সত্যিই দুঃখিত।’









