প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত রাজনৈতিক আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু। যাদের অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতো, তাদের মুখে এসব কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৬ জুলাই) রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এক সপ্তাহের পাহাড়ি ফল মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেলা পরিদর্শন করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন: যারা বড় বড় কথা বলে, তারা দিল্লি থেকে এসে বলতো, আমরা গঙ্গা চুক্তির কথা ভুলেই গেছি। আমাদের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাবো, আমরা সেটা কেন নেবো না? এখন কারো গায়ে চুলকায়, কারো অন্তরে জ্বালা হচ্ছে।
তিনি আরও বলেন: আমাদের ফরেন ফলিসি হলো সবার সঙ্গে বন্ধুত্ব। কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন। ৭১-এর পর থেকে ভারত আমার পরীক্ষিত বন্ধু। ভারতীয় সৈন্যরা তখন আমাদের জন্য রক্ত দিয়েছে। তাদের জনগণ আমাদের আশ্রয় দিয়েছে। ওই দুঃসময়ের সাহায্য আমরা ভুলে যেতে পারি না।
যোগ করেন: ৭৫-এর পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরিতা রেখে ২১ বছর অন্যরা কি অর্জন করেছে? আমরা সীমান্ত সমস্যা সমাধান করেছি। ভালো সম্পর্ক আছে বলে, আরেকটা সমুদ্রসীমা ভারতের কাছ থেকে পেয়েছি। সম্পর্ক ভালো বলেই ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছি। গঙ্গা পানির চুক্তিও করেছি। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সব সমাধান করা যায়। আমরা কখনো খালি হাতে ফিরিনি। আগেও ফিরিনি, এখনো না।
আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে সময় লাগবে। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো জমির নিষ্পত্তি।









