‘গ্লোবাল মিডিয়া মেকারস, লস অ্যাঞ্জেলেস রেসিডেন্সি’ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩০ জুন।
প্রোগ্রামটি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনোদন পেশাদারদের সাথে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক চলচ্চিত্র নির্মাণ শিল্পীদের একটি নেটওয়ার্ক স্থাপন করে।
২০১৬ সালে চালু হওয়া গ্লোবাল মিডিয়া মেকারস (জিএমএম) প্রোগ্রামটি হল, ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর মধ্যে একটি সহযোগিতা। এটি বাংলাদেশসহ ২৩টি দেশের ১৫৫ জনের বেশি চলচ্চিত্র নির্মাতাদের মেন্টরশিপ, ওয়ার্কশপ, মাস্টার ক্লাস এবং পেশাদার নেটওয়ার্কিং সুযোগ দিয়ে থাকে। বিনোদন শিল্পের ৫০০ জনেরও বেশি মার্কিন পরামর্শদাতা এখন পর্যন্ত প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছেন।
প্রোগ্রামের বিবরণ
২০২৫ সালের মে/জুন মাসে রেসিডেন্সির জন্য ২০ জন ফেলো নির্বাচন করা হবে। প্রোগ্রামটি প্রথম এক সপ্তাহ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। পরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পাঁচ সপ্তাহব্যাপী চলবে। ফেলোদের উন্নয়নের প্রকল্পগুলোর ওপর ভিত্তি করে নির্বাচিত করা হয়ে থাকে যা তাদের দেশ বা অঞ্চলে উল্লেখযোগ্য স্থানীয় সমস্যাগুলোকে সমাধান করে।
অংশগ্রহণকারীরা চিত্রনাট্য লেখা, পরিচালনা, সৃজনশীল প্রযোজনা বা তথ্যচিত্র চলচ্চিত্র নির্মাণের মতো কাজ করবেন। তারা মাস্টার ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি আমেরিকান ফিল্ম মেকিংয়ের সেরা অনুশীলন শিখতে পারবেন এবং উদীয়মান প্রযুক্তির ওপর কোর্স গ্রহণ করবে। ভিডিও কল সেশনের মাধ্যমে সারা বছর তাদের মেন্টরশিপ সুবিধা দেয়া হবে।
যোগ্যতা
১. বাংলাদেশের নাগরিক বা স্থায়ী কর্মরত বাসিন্দা হতে হবে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিক, বাসিন্দা বা গ্রিন কার্ডধারীরা আবেদন করতে পারবেন না।
২. একজন লেখক, প্রযোজক, বা পরিচালক (চলচ্চিত্র, টেলিভিশন এবং/অথবা সিরিয়াল ওয়েব সামগ্রীতে) হিসেবে কমপক্ষে এক থেকে তিনটি প্রোজেক্ট নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে। ২০২৩ এবং ২৪ সালে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
৩. কল্পকাহিনী বা তথ্যচিত্রের ওপর করা এপিসোডিক প্রজেক্ট জমা দিতে হবে। অথবা যেকোন ধারার নতুন মিডিয়া প্রজেক্ট যেমন, ভিআর বা ইমারসিভ জমা দিতে হবে।
৪. বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করে, এমন কোন চলমান কাজের জন্য একটি অনলাইন আবেদন জমা দিতে হবে।
৫. কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতাদের অবশ্যই একটি সম্পূর্ণ চিত্রনাট্য বা টেলিপ্লে থাকতে হবে। ডকুমেন্টারি ফিল্মমেকারদের কমপক্ষে ৪০ মিনিটের একটি সম্পাদনা থাকতে হবে।
৬. ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
আবেদন নির্দেশনা
গুগল ফর্ম থেকে গ্লোবাল মিডিয়া মেকারস (জিএমএম) লস অ্যাঞ্জেলেস রেসিডেন্সি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে।









