আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সফলতার মুখ দেখেননি জেমস বাটলার। হাই প্রেসিং এবং হাই ডিফেন্ডিং লাইনে খেলানোর ছকটা একেবারেই কাজে লাগেনি। অপেক্ষাকৃত শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ফিফা প্রীতি ম্যাচে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার শেষ বিকেলে গড়ানো ম্যাচের প্রথম মিনিটে কর্নার কিক পায় বাংলাদেশ। যদিও আক্রমণাত্মক মেজাজটা স্বাগতিকরা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।
দশম মিনিটে বল নিয়ে অনেকটা এগিয়ে যান ই-হুন। অনেকটা সামনে এগিয়ে এসে বল বিপদমুক্ত করেন টাইগ্রেস গোলরক্ষক রূপনা চাকমা। চাইনিজ তাইপে অবশ্য দুই মিনিট পরই এগিয়ে যায়। চাই-ইয়াংয়ের পাস আফঈদা খন্দকারকে ফাঁকি দিয়ে বেরোলে বল আদায় করে লক্ষ্যভেদ করেন সু ইউ-হুসান।
অতিথিরা তিন মিনিট পর আবারো জালের দেখা পেতে পারতো। রূপনাকে একা পেলেও ইউ-হুসানের শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
গোটা ম্যাচে লাল-সবুজের দলের কোচ জেমস বাটলারের ফুটবলারদের হাই লাইনে খেলানোর কৌশল মোটেও কাজে লাগেনি। রক্ষণের সঙ্গে মধ্যমাঠের খেলোয়াড়দের সমঝোতার অভাব স্পষ্টতই লক্ষণীয় ছিল। পাল্টা আক্রমণেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
১৯ মিনিটের মাথায় ইউ-হুসানের হেডে অনায়াসে বল জালে জড়ান সিন-ইউন। তাকে ডি বক্সের ভেতর কড়া পাহারায় রাখতে ব্যর্থ হন তহুরা খাতুন ও আফঈদা। ইউনের হেডে শারীরিক উচ্চতা কম থাকায় বলের নাগাল পাননি রূপনা।
বাংলাদেশ ম্যাচের ২৪ মিনিটে ভালো একটি সুযোগ পায়। শাহেদা আক্তার রিপার পাসে দূরপাল্লার শট নেন তহুরা। শেষমুহূর্তে গোলমুখে থাকা অধিনায়ক সাবিনা খাতুন বলে পা লাগাতে পারেননি।
র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে স্বাগতিকদের হাস্যকর এক ভুলে তৃতীয় গোলের দেখা পায়। ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক নেন ই-ইউন। একেবারেই পাহারায় না থাকা ইউ-হুসান জায়গায় দাঁড়িয়ে পা ছুঁইয়ে ২৫ মিনিটে লক্ষ্যভেদ করেন।
৩৫ মিনিটে সাবিনার ক্রসে হেড নিতে পারেননি তহুরা, ফলে জেমস বাটলারের মেয়েদের গোলবঞ্চিত থাকতে হয়।
বিরতির পর মাসুরা পারভীনের পরিবর্তে শামসুন্নাহার সিনিয়র, এবং সাবিনার বদলে সানজিদা আক্তার মাঠে নামেন। এ সময় বাংলাদেশের আক্রমণের ধার বাড়ে।
৫৬ মিনিটে ই-ওয়েনের শট উপরের বারে লেগে ফেরে। খানিক পর অবশ্য ফিরতি বলে ফাঁকা পোস্টে ইউ-হুসান বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।
ছয় মিনিট পর মনিকা চাকমার কোণাকুণি শট পোস্টের উপরের বারে লেগে বেরিয়ে যায়। এর খানিক পর লাল-সবুজের দল আনে আরও তিন পরিবর্তন। তহুরার বদলে শামসুন্নাহার জুনিয়র, মাতসুসিমা সুমাইয়ার জায়গায় স্বপ্না রানি ও,রিপার বদলে খেলতে নামেন অভিষিক্ত সুরভী আকন্দ প্রীতি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সানজিদার ডান পায়ের দূরপাল্লার শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়। লড়াকু ফুটবল খেলতে ব্যর্থ হওয়া বাংলাদেশ হার নিয়েই মাঠ ত্যাগ করে।









