ম্যাচের অধিকাংশ সময়ে বল দখলের লড়াইয়ে পিএসজি এগিয়ে ছিল। শট নেয়ার সংখ্যাটা দুদলেরই ছিল সমানে সমান। শেষপর্যন্ত অবশ্য ফ্রেঞ্চ জায়ান্টদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল বরুশিয়া ডর্টমুন্ড।
সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে প্রথমার্ধেই লিড পায় ডর্টমুন্ড। নিকো স্কলটেরবেকের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের লক্ষ্যভেদে স্বাগতিকদের আনন্দে ভাসান নিকলাস ফুলক্রুগ।
বিরতির পর ৫১ মিনিটের মাথায় দুটি সুবর্ণ সুযোগ পেয়েও পিএসজি কাজে লাগাতে পারেনি। কাইলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমির শট ক্রসবারে লেগে ফিরে আসায় অতিথিরা সমতা টানতে পারেনি।
পরে আর কোনো নিশানাভেদের দেখা না মেলায় একমাত্র গোলের জয় নিয়ে ডর্টমুন্ড মাঠ ছাড়ে।








