মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।
মাহে রমজানের কারণে এবছরের আয়োজনটি ২৬ মার্চের পরিবর্তে ৭ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটির উদ্বোধন হয়। এই আয়োজন উদ্বোধন করেন কিংবদন্তী হাশেম খান।
অনুষ্ঠান চলবে দুপুর ২টা পর্যন্ত। চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠানটি বরাবরের মতো উপস্থাপনা করছেন আফজাল হোসেন।
‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘রঙতুলির ভাষা সকলেই বোঝে। রঙ তুলির মাধ্যমে ফুটে উঠছে আমাদের প্রিয় বাংলাদেশ।’
চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চ থেকে দেশের গান পরিবেশন করছেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার শিল্পীরা। আরো আছে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার।
চিত্রাংকন অনুষ্ঠানে দেশের প্রায় অর্ধশত বরেণ্য প্রবীণ ও নবীন চিত্রশিল্পীদের পাশাপাশি শিশুরাও অংশ নিয়েছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গ্যালারি চিত্রক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, মোস্তাফিজুর রহমান নান্টু।









