রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
চিঠিতে মোদি বলেন: এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে তার চিন্তাভাবনা, প্রার্থনাও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি থাকবে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মিনিটের দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।
ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল।









