বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (২৪) আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল কাউয়ুম। এর আগে সকালে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জান্নাতুল ফেরদৌস ববির ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার সৈয়দ মঞ্জিলের বাসিন্দা সৈয়দ আলাউদ্দিনের মেয়ে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবদুল কাউয়ুম জানান, প্রশাসনিক ভবন-২ এর তৃতীয় তলার রেলিংয়ে বসে ছিলেন ওই ছাত্রী। তখন মাথা ঘুরে নিয়ে পরে গিয়ে আহত হয়। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন কিছু প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হয়ে চিকিৎসকরা বলতে পারবেন শরীরের অভ্যন্তরে কোন ক্ষতি হয়েছে কিনা।
এখন তার অবস্থা শঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।









