কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুস সালাম ওরফে আব্দু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুস সালাম ওরফে আব্দু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি জানান, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সাথে স্থানীয় আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে দুপক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার সকালে আগের রাতের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দু’পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে আব্দুস সালাম নামের বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।









