এক যুগ পর বিশ্বকাপ শিরোপা জয়ের খুব কাছে ছিল ভারত। ঘরের মাঠের টুর্নামেন্টটিতে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে রীতিমতো উড়ছিল রোহিত শর্মার দল। টানা ১০ ম্যাচে জয় তুলে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে রোহিত-কোহলিদের শিরোপা বিসর্জন দিতে হয়েছে। বিষাদের গল্প শেষে টি-টুয়েন্টি সিরিজে এবার সেই অজিদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে নেই বিশ্বকাপে খেলা বেশিরভাগ খেলোয়াড়। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে তরুণদের নিয়ে দল দিয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু আগামী ২৩ নভেম্বর। সিরিজটির জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়।
সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আয়ার। সেই ম্যাচগুলোতে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
সিরিজে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সূর্যকুমারের সঙ্গে ঈশান কিষাণ ও প্রসিদ্ধ কৃষ্ণ আছেন। চোটের কারণে বিশ্ব আসরে সুযোগ না পাওয়া অক্ষর প্যাটেল দলে ফিরেছেন। এছাড়া রাহুল দ্রাবিড়ের জায়গায় সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
ভারতের টি-টুয়েন্টির দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আয়ার (সহ-অধিনায়ক, শেষ দুই ম্যাচের জন্য)।









