ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিযোগিতামূলক আয়োজন ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন চ্যানেল আই-এর অনলাইন রিপোর্টার আরেফিন তানজীব। কৃষি ও পরিবেশ (প্রিন্ট ও অনলাইন) ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ রিপোর্টারের পুরস্কার পেয়েছেন।
২০২২ সালেও আরেফিন তানজীব ডিআরইউ-এর সেরা রিপোর্টারের পুরস্কার পান।
রোববার ১৯ নভেম্বর দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে আরেফিন তানজীবের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব পিআরডি) জালাল আহমেদ। অনুষ্ঠানে জুড়ি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
আরেফিন তানজীব ‘অবৈধ বালাইনাশক’ নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনগুলো হলো: ‘ফেসবুকে প্রাণঘাতী কীটনাশকের চটকদার বিজ্ঞাপন’, ‘লাইসেন্স ঠিকাদারির, ব্যবসা প্রাণঘাতী কীটনাশকের’, ‘বিষাক্ত রাসায়নিকে স্বাস্থ্যঝুঁকি থাকবেই!’। প্রতিবেদনগুলো চলতি বছরের ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ১৯ আগস্ট প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলো ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-এর জন্য নির্বাচিত হয়।
আরেফিন তানজীব ২০১৫ সালের মার্চ মাস থেকে চ্যানেল আই অনলাইনে অনলাইন জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বাড়ি টাঙ্গাইলে। বাবা মো. ফজলুর রহমান ও মা এ, এন সিদ্দিকী দু’জনেই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।
পেশাদার সাংবাদিক হিসেবে আরেফিন তানজীব ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।









