আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলেও টানা ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। এতে শঙ্কায় পড়েছিল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার সম্ভাবনাও। তবে অষ্টম ম্যাচে লঙ্কানদের হারিয়ে সে আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগার্স। সে কারণে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ লাল-সবুজের প্রতিনিধিদের।
চোটে পড়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার লক্ষ্যে ভালো খেলে জিততে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে লড়াই। ম্যাচে বাংলাদেশের একটি পরিবর্তন ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। সাকিব না খেলায় তার পরিবর্তে মাঠে দেখা যাবে অন্য কোনো ক্রিকেটারকে।
বোলিংয়ের প্রভাব বৃদ্ধির জন্য সাকিবের পরিবর্তে একজন বোলারকে খেলানো হতে পারে ম্যাচে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন টাইগার কোচ। বলেছেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সাকিবকে পাচ্ছি। মানে আমি বলছি, সাকিবের সামর্থ্যের মতো কেউ যদি আপনার পাশে থাকে, বিশ্বসেরা অলরাউন্ডার, তার মানে দুজন খেলোয়াড় আছে আপনার হাতে। সুতরাং এই কম্বিনেশনে বেশিকিছু করা কঠিন।’
‘আমরা অবশ্যই আরেকজন স্পিনার বা পেসার দিয়ে তার জায়গা পূরণ করার চেষ্টা করব। এটা আসলে ব্যাটিং, আমরা তার ব্যাটিং এবং নেতৃত্বের অভাববোধ করব। সুতরাং এটা বেশ কঠিন।’
সাকিবের পরিবর্তে দলে আসতে পারেন শেখ মেহেদী হাসান অথবা নাসুম আহমেদ। আর পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (ভারপ্রাপ্ত অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।









