কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্প্রতি ৯ ডয়েজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী বিজয়ী হয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন যথাক্রমে শফিউদ্দিন আহমেদ এবং এ কে এম খোরশেদ আলম খান।
তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারন সভা। সংগঠনের সভাপতি এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পর্বে বক্তারা বক্তব্য রাখেন। এই পর্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল যথাক্রমে সাধারণ সম্পাদকের বিবরণী ও হিসাব বিবরণী পেশ করেন।
দ্বিতীয় পর্বে ছিল সকলের জন্য উন্মুক্ত প্রশ্নত্তোর পর্ব। এই পর্বে প্রশ্নকারীরা সংগঠনের কর্মকাণ্ড ও অন্যান্য বিষযয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর দেন।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার এমদাদুল হক ও রূপন কান্তি দাশগুপ্ত নির্বাচন পরিচালনা করেন। ভোটগ্রহণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের বিষয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ভোট প্রদানের প্রক্রিয়া ও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন।
পরবর্তীতে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও শফি আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী ও একেএম খোরশেদ আলম খানকে পরিচয় করিয়ে দেন। প্রার্থী পরিচিতির পর বিকাল ৩টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দেন।
নির্বাচনে সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী বিজয়ী হন।








