মুম্বাইয়ের আন্ধেরির রাস্তায় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলা এক পথচারীকে সুস্থ করতে এগিয়ে এলেন ‘খামোশিয়া’ খ্যাত বলিউড অভিনেতা গুরমিত চৌধুরী।
জানা গেছে, পথচারীকে অসুস্থ হয়ে পড়ে যেতে দেখেই গাড়ি থেকে নেমে আসেন গুরমিত। শুধু তাই নয়, ফুটপাতের উপর বসেই তাকে দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিতে শুরু করেন অভিনেতা। যেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অভিনেতা ওই ব্যক্তির বুকে পাম্প করছেন। আরও একজন ব্যক্তি তার হাত-পা ঘষে দিচ্ছিলেন। স্থানীয়দের নিকটবর্তী ডাক্তার ডাকার কথাও বলছিলেন গুরমিত। এরপর আরও অন্যান্য পথচারীদের সঙ্গে আলোচনা করে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গুরমিত চৌধুরী। অভিনেতা নিজেও সকলের সঙ্গে ওই ব্যক্তিকে ধরে গাড়িতে তুলতে সাহায্য করেন।
এদিকে ভিডিওটি ভাইরাল হতেই গুরমিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। এক নেট নাগরিক লিখেছেন, ‘গুরমিত প্রকৃতপক্ষেই হিরো’। আরও একজন সিপিআর ঠিক কীভাবে দেওয়া উচিত জানিয়ে লিখেছেন, ‘সঠিকটা হল সিপিআর নিরবচ্ছিন্ন ৩০ কম্প্রেশন সহ হওয়া উচিত অর্থাৎ ২ শ্বাস। আর যতক্ষণ না রোগীর চেতনা ফিরছে বা হৃদস্পন্দন স্থিতিশীল হচ্ছে, এটা চালিয়ে যাওয়া উচিত। তবে গুরমিত যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এটা সকলেরই এখন জানা উচিত। সমাজে গুরমিতের মতো আরও লোকের প্রয়োজন।’
সূত্র: হিন্দুস্থান টাইমস









