এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ওয়েবসাইটে সংবাদ নিয়ে ফিরেছে দেশের প্রথম সংবাদভিত্তিক ওয়েবপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
গত ১ সেপ্টেম্বর হঠাৎ করে বিডিনিউজের ওয়েবসাইটে সংবাদ পরিবেশন বন্ধ হয়ে যায়। একপর্যায়ে নিজেদের ফেসবুক পেইজে সংবাদমাধ্যমটি জানায়, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।’
এরপর থেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ পরিবেশন করে চলে বিডিনিউজ।
অবশেষে বৃহস্পতিবার দেখা যায় নিজেদের ওয়েবসাইটে আবার সংবাদ পরিবেশনে ফিরেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দীর্ঘ দিন বন্ধ থাকার বিষয়ে ওয়েবসাইটের হোমপেজে এক পোস্টে বিডিনিউজ লিখেছে, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’









