বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে সমঝোতার সুযোগ নেই। এবার আর কেউ আপস করবে না। ভালোয় ভালোয় নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আমরা বিএনপির হাতে ক্ষমতা চাই না, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।
তিনি বলেন, খালেদা জিয়া আজকে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। চিকিৎসক বললেও এ ফ্যাসিস্ট সরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চায়। কারণ খালেদা জিয়াকে হত্যা করলে তাদের রাস্তা পরিষ্কার।
মির্জা ফখরুল আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর বিকেলে ফেনীর মহিপাল ফ্লাই ওভারের দক্ষিণ পাশে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামে তারুণ্যের রোডমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, লন্ডনে বসে তিনি (শেখ হাসিনা) যে বক্তব্য দিয়েছেন, কোন মানুষ এমন কথা বলতে পারে না। খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, এশিয়ার প্রথম মুসলিম নেত্রী। তিনি এদেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। মানুষের উপকার করেছেন।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামনে আবার একইভাবে নির্বাচন করতে চায়। এবার আর শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, সবাইকে এই প্রতিজ্ঞা করতে হবে। আমাদের এক দফা এক দাবি, পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এবার যেতে হবে। এখনও সময় আছে।
তিনি বলেন, আজকেও ওবায়দুল কাদেরের বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহর ভাঙচুর করেছে। এই সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এ আন্দোলনে ৬৭৫ জন গুম হয়েছেন, ২৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পরিবার এখনো ফেরার অপেক্ষায় বসে আছে।









